বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
রাজধানীর কাঁচাবাজারগুলোতে আবারও বেড়েছে নিত্যপ্রয়োজনীয় সবজির দাম। একই সঙ্গে ডিমের বাজারেও অস্থিরতা দেখা দেওয়ায় চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাজারে প্রায় সব ধরনের সবজির দাম ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে।
শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, লম্বা বেগুন প্রতি কেজি ১০০ টাকা এবং গোল বেগুন ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। শসা, করলা, ঝিঙ্গা ও চিচিঙ্গা প্রতিটি ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বরবটি ও পটোল ৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা এবং ঢেঁড়স ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া পেঁপে ১০০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, গাজর ১২০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা এবং লাউ প্রতি পিস ১০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে ১০০ টাকার নিচে সবজি পাওয়া কঠিন হয়ে পড়েছে বলে জানান ক্রেতারা।
অন্যদিকে, কয়েক সপ্তাহ ধরে চলমান ডিমের বাজার অস্থিরতা আরও বেড়েছে। ফার্মের মুরগির ডিমের দাম ডজনপ্রতি ২০ থেকে ৩০ টাকা বেড়ে ১৫০ টাকায় পৌঁছেছে। কোথাও কোথাও তা ১৫৫ টাকায়ও বিক্রি হচ্ছে।
ক্রেতাদের অভিযোগ, বাজারে কার্যকর মনিটরিংয়ের অভাবে ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বাড়াচ্ছেন, ফলে নিত্যপণ্যের ব্যয় বাড়ছে।
তবে ব্যবসায়ীদের দাবি, উৎপাদন ও সরবরাহে ঘাটতি এবং পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে সবজি ও ডিমের দাম বেড়েছে।
হাফিজ/ আয়না নিউজ