বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরা জেলার পশুর হাটের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকাল ৪টায় সাতক্ষীরা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা পুলিশ।
সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
সভায় আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা, যাতায়াত সুবিধা ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পুলিশ সুপার বলেন, ঈদুল আজহা ও পশুর হাটকে কেন্দ্র করে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি জানান, ঈদের সময় জাল টাকার প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানোর পাশাপাশি ব্যাংকগুলোকে পশুর হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিন রাখার অনুরোধ করেন।
তিনি আরও বলেন, পশুর হাটে আগত মানুষের সুবিধার্থে মাস্ক, বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি হাটে দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবকদের পরিচয়পত্র বা কার্ড প্রদান করার নির্দেশনা দেন।
সভায় সড়ক ও মহাসড়কে কোনো অবস্থাতেই পশু লোড-আনলোড না করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়। এছাড়া পশুর হাটে কোনো ধরনের চাঁদাবাজির চেষ্টা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন পুলিশ সুপার। এ ধরনের অপরাধে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।
যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা কামনা করা হয় সভায়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহিনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজীব, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মোঃ বায়েজীদ ইসলাম, ডিআইও-১, ডিএসবি, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, পশুর হাটের ইজারাদার ও ব্যাংক কর্মকর্তারা।
মোমিন/ হাফিজ/ আয়না নিউজ