বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
চীন আবারও যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন আমদানিতে আগ্রহ দেখাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, দীর্ঘদিনের শুল্কসংক্রান্ত উত্তেজনার পর দুই দেশের বাণিজ্য সম্পর্কে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
বৃহস্পতিবার (১৪ মে) বেইজিং সফর শেষে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ তথ্য জানান। তিনি বলেন, চীন যুক্তরাষ্ট্র থেকে তেল কেনার বিষয়ে সম্মতি দিয়েছে এবং সয়াবিন আমদানিও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য সম্পর্কের টানাপোড়েন কিছুটা কমে আসায় এ ধরনের উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে। এর আগে ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের পর চীন মার্কিন কৃষিপণ্য আমদানি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছিল এবং বিকল্প হিসেবে ব্রাজিলের বাজারের দিকে ঝুঁকেছিল।
বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি আমদানিকারক দেশ চীন দীর্ঘদিন ধরে ইরানি তেলের বড় ক্রেতা হিসেবে পরিচিত। তবে এবার মার্কিন তেল কেনার আগ্রহ প্রকাশকে কৌশলগত ও অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে তিনি মার্কিন ক্রেডিট কার্ড কোম্পানিগুলোর ব্যবসা সম্প্রসারণের বিষয়েও আলোচনা করেছেন। বিশেষ করে চীনের বিশাল আর্থিক বাজারে মার্কিন কার্ড সেবার জন্য আরও বড় সুযোগ চেয়েছেন তিনি।
ট্রাম্পের দাবি, দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়লে বৈশ্বিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
হাফিজ/ আয়না নিউজ