বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৪ মে) এ প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ঈদ উপলক্ষে ২৫ মে নির্বাহী আদেশে ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর ফলে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি ভোগ করতে পারবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে দীর্ঘ ছুটির ব্যবস্থা করা হয়েছে। তবে ২৩ ও ২৪ মে (শনিবার ও রবিবার) সরকারি অফিস খোলা থাকবে, ফলে ওই দুই দিন অফিস কার্যক্রম চালু থাকবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
জরুরি সেবাগুলো ছুটির বাইরে
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিযোগাযোগ, ডাকসেবা এবং সংশ্লিষ্ট জরুরি সেবাসমূহ ছুটির আওতার বাইরে থাকবে। হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কার্যক্রমও চালু থাকবে।
আরও পড়ুন :
আইনমন্ত্রীর নেতৃত্বে সরকারি ক্রয় কার্যক্রমকে ফলপ্রসূ করতে কমিটি গঠন
চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনও এ ছুটির বাইরে থাকবে।
জরুরি কার্যক্রমে নিয়োজিত দপ্তর ও প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখবে। ব্যাংকিং খাতের বিষয়ে বাংলাদেশ ব্যাংক আলাদা নির্দেশনা দেবে এবং আদালতের কার্যক্রম সম্পর্কে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত জানাবে।
এছাড়া বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানার ছুটি সংক্রান্ত বিষয়ে ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ