বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ঝিনাইদহ প্রতিনিধি : সম্পত্তি আত্মসাৎ, পারিবারিক নির্যাতন ও হয়রানির অভিযোগ তুলে ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক ভাই ও বোন। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঝিনাইদহ সদর উপজেলার ধোপাবিলা গ্রামের মোছা. লিমা খাতুন। তিনি অভিযোগ করেন, তার বাবা মো. আব্দুল মোতালেব, চাচা আবু বক্কর ওরফে বাক্কা এবং সৎ দাদা জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে তাদের জমিজমা আত্মসাতের চেষ্টা ও বিভিন্নভাবে হয়রানি করে আসছেন।
লিমা খাতুন বলেন, ছোটবেলায় তাদের দাদা জীবিত থাকাকালে তার নামে ২৫ শতাংশ এবং বড় ভাই মো. ইকরামুল ইসলামের নামে ২ একর ৫ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেন। তবে দাদার মৃত্যুর আগে থেকেই বাবা ও তার সহযোগীরা দাদার ওপর নির্যাতন চালাতেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, তার বাবা একাধিক বিয়ে করেছেন এবং পারিবারিক বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাদের মা ও পরিবারের সদস্যদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। তার দাবি, এসব নির্যাতনের কারণেই ২০২৩ সালে তার মায়ের মৃত্যু হয়।
আরও পড়ুন :
অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ
সংবাদ সম্মেলনে লিমা খাতুন অভিযোগ করেন, তাদের নামে থাকা জমি জোরপূর্বক বন্ধক রাখা হয়েছে এবং বড় ভাই ইকরামুল ইসলামের নির্মিত বাড়িতে অন্য একজন নারীকে ওঠানোর চেষ্টা করা হয়। এ নিয়ে পারিবারিক বিরোধ সৃষ্টি হলে সম্প্রতি তার ভাইয়ের ওপর হামলা চালানো হয়। এতে ইকরামুল ইসলাম ও তার শিশু সন্তান আহত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা নেন বলে দাবি করা হয়।
এ সময় তিনি আরও অভিযোগ করেন, তাদের ফুফু জোসনা খাতুনের পৈত্রিক সম্পত্তিও জোরপূর্বক বিক্রি করার চেষ্টা চলছে। এ ঘটনায় জোসনা খাতুন আদালতে বণ্টননামা মামলা করেছেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
ইমন/ হাফিজ/ আয়না নিউজ