বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
শক্তিশালী ঝড় ও ভারী বৃষ্টিতে ভারতের উত্তরপ্রদেশে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। ঝড়-বৃষ্টিতে রাজ্যের ভাদোহী, ফতেহপুর ও বুধাউনসহ অন্তত পাঁচটি জেলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (১৩ মে) সংঘটিত এসব ঘটনায় বহু ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। এতে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক সেবাও ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ভাদোহীতে ১৬ জন, ফতেহপুরে ৯ জন এবং বুধাউনে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকাতেও হতাহতের খবর পাওয়া গেছে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ক্ষতিগ্রস্তদের দ্রুত আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ত্রাণ কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা চলছে।
ভাদোহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কুনওয়ার বীরেন্দ্র কুমার বলেন, জেলার বিভিন্ন এলাকা থেকে গাছ উপড়ে পড়া, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া এবং বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার খবর পাওয়া যাচ্ছে। ঝড়ের কারণে মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ায় উদ্ধার কাজেও সমস্যা তৈরি হচ্ছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভাদোহী পুলিশ জানিয়েছে, বিভিন্ন দুর্ঘটনায় সেখানে ১৬ জন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
ফতেহপুর জেলায় নিহত ৯ জনের মধ্যে খাগা তেহসিলে ৮ জন মারা গেছেন, যাদের পাঁচজনই নারী। এছাড়া সদর তেহসিলে বাড়ির দেয়াল ধসে আরও এক নারীর মৃত্যু হয়েছে।
ঝড় ও অতিবৃষ্টিতে প্রাণহানির পাশাপাশি গবাদিপশু ও কৃষিজমিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
হাফিজ/ আয়না নিউজ