বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপাকে।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এর আগে গত ৭ মে প্রসিকিউশনের আবেদনের পর তাদের আদালতে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
প্রসিকিউশন সূত্র জানায়, শাপলা চত্বর হত্যা মামলায় আজ তাদের গ্রেফতার দেখানোর আবেদন করা হবে। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েও আবেদন করা হবে বলে জানা গেছে।
প্রসিকিউশনের দাবি, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত। এছাড়া নিহতের প্রকৃত সংখ্যা গোপন করার ক্ষেত্রে সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা সহযোগিতা করেছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।
তদন্ত সংস্থার তথ্যমতে, হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় মোট ৫৮ জন নিহত হন। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজন নিহত হয়েছেন বলে তদন্তে উঠে এসেছে।
এ মামলায় এরই মধ্যে সাবেক আইজিপি শহিদুল হক, জিয়াউল আহসান ও শাহররিয়ার কবিরসহ ছয়জন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।
বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। ট্রাইব্যুনাল আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করেছেন।
হাফিজ/ আয়না নিউজ