বিশেষ প্রতিনিধি, Farhana Ahmed।।
জনপ্রশাসন মন্ত্রণালয় ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ৯৬ জন প্রার্থীকে আজ বুধবার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এই ৯৬ জনকে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসারে ২২০০০-৫৩০৬০ টাকা বেতনে সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়। তবে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে তারা কোনো বকেয়া আর্থিক সুবিধাদি পাবেন না।
আরও পড়ুন-
সুপারিশপ্রাপ্ত প্রাথমিকে শিক্ষকদের জন্য নির্দেশনা
উত্তীর্ণ প্রার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে আগামী ১৮ মে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা দপ্তরে যোগ দিতে। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন ধরে নিয়ে নিয়োগপত্র বাতিল করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। নিয়োগের ক্ষেত্রে নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার স্বার্থে তাদের ব্যাচের নিয়োগপ্রাপ্তদের প্রথম যে তারিখে নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেই তারিখ থেকে ভূতাপেক্ষিকভাবে নিয়োগ আদেশ কার্যকর হবে। ব্যাচের প্রথম নিয়োগ প্রজ্ঞাপনের যোগদানের তারিখ থেকে তাদের ধারণাগত জ্যেষ্ঠতা বজায় থাকবে।
২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় ৩৫৬৭ জন উত্তীর্ণ হলে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে এবং দ্বিতীয় মৌখিক পরীক্ষা গ্রহণ করে।
এফ এ/আয়না