বিশেষ প্রতিনিধি, Farhana Ahmed।।
আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে ৭৯ বছর বয়সী ভারতের জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীকে। বুধবার (১৩ মে) সকালে শারীরিক কিছু পরীক্ষার প্রয়োজনে তাকে হরিয়ানার গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে সেখানে ভর্তি করার সিদ্ধান্ত নেন। বর্ষীয়ান এ নেত্রীর স্বাস্থ্যগত অবস্থা বর্তমানে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। গত মার্চ মাসেও তিনি গুরুতর অসুস্থ হয়ে দিল্লির একটি হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন।
গত ২৪ মার্চ সোনিয়া গান্ধী জ্বরে আক্রান্ত হয়ে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকরা জানিয়েছিলেন, তিনি ‘সিস্টেমিক ইনফেকশন’ বা দেহের অভ্যন্তরীণ সংক্রমণজনিত জটিলতায় ভুগছিলেন। টানা সাত দিন হাসপাতালে কাটানোর পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরার পর স্যার গঙ্গা রাম হাসপাতালের চেয়ারম্যান ডা. অজয় স্বরূপ জানিয়েছিলেন সংক্রমণের চিকিৎসায় সোনিয়া গান্ধী অ্যান্টিবায়োটিক থেরাপিতে ইতিবাচক সাড়া দিয়েছিলেন।
আরও পড়ুন-
চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সিস্টেমিক ইনফেকশন হলো এমন একটি অবস্থা যেখানে ব্যাকটেরিয়া বা অন্যান্য রোগজীবাণু রক্তপ্রবাহে প্রবেশ করে শরীরের নির্দিষ্ট কোনো অংশের পরিবর্তে পুরো দেহে ছড়িয়ে পড়ে। এ ধরনের সংক্রমণ বেশ সংবেদনশীল হিসেবে বিবেচনা করা হয়।
সোনিয়া গান্ধীর অসুস্থতার খবরে কংগ্রেস নেতা-কর্মী এবং ভারতের রাজনৈতিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করে বার্তা দিচ্ছেন অনেকেই। বর্তমানে অভিজ্ঞ চিকিৎসকদের একটি বিশেষ দল তার স্বাস্থ্যগত বিষয়ের দেখাশোনা করছে।
এফ এ/আয়না