বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
দেশের সাতটি অঞ্চলে রাতের মধ্যে বজ্রসহ ঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাত হতে পারে।
মঙ্গলবার (১২ মে) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এই সতর্কতা জানানো হয়। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া আবহাওয়া অধিদপ্তরের সকালের পূর্বাভাসে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’একটি স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
তাপমাত্রা নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
হাফিজ/ আয়না নিউজ