বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে এক বৃদ্ধ ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ থেকে নগদ ৭০ হাজার ৮৬০ টাকা পাওয়া গেছে।
মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরর শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় পড়ে থাকা অবস্থায় ওই মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম আবুল হোসেন (৭০) বলে জানা গেছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তি করতেন। সোমবার রাতে তিনি বিদ্যালয়ের বারান্দায় ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা তাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। কিছুক্ষণ পর তিনি মারা যান বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তার ব্যাগ তল্লাশি করে জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়, যেখানে তার স্থায়ী ঠিকানা খুলনার বটিয়াঘাটা উপজেলার হরিণটানা গ্রাম উল্লেখ রয়েছে। এছাড়া ব্যাগে নগদ ৭০ হাজার ৮৬০ টাকা পাওয়া যায়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির আহমেদ বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। তবে পরিচয় ও স্বজনদের খোঁজ চলছে।
পুলিশ জানিয়েছে, মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বজন পাওয়া গেলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ও উদ্ধার হওয়া টাকা হস্তান্তর করা হবে।
হাফিজ/ আয়না নিউজ