বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
নাটোর প্রতিনিধি : নাটোর জেলা স্টেডিয়ামে এক আনন্দঘন পরিবেশের মধ্য নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনীতে বিভিন্ন ক্রীড়া ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ মে) নাটোর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন,নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত, সদর উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি, জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এছামিসহ, অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার সদস্যগণ এবং ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
এর আগে সমাপনী দিনে ফুটবল প্রতিযোগিতায় বালক বিভাগে বাগাতিপাড়া উপজেলা দল ১-০ গোলে নাটোর সদর উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালিকা বিভাগে লালপুর উপজেলা দল ৪-০ গোলে গুরুদাসপুর উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
গত ২ মে থেকে ‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ প্রতিপাদ্য বিষয় নিয়ে আটটি ইভেন্টে ‘নতুন কুড়ি স্পোর্টস’ শুরু হয়। এ প্রতিযোগিতায় দুই হাজারের অধিক প্রতিযোগী অংশগ্রহন করে।
এরমধ্যে দলগত ইভেন্টে ফুটবল, ক্রিকেট এবং কাবাডি, দ্বৈত ও একক ইভেন্টে ব্যাডমিন্টন এবং একক ইভেন্টে দাবা, এ্যাথলেটিকস, সাঁতার ও মার্শাল আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি শিল্প-সাহিত্য-সংস্কৃতি এবং ক্রীড়া চর্চায় মনোনিবেশ করতে হবে। এর ফলে শিক্ষার্থীদের শারিরিক ও মানসিক স্বাস্থ্য অটুট থাকবে। ফলশ্রুতিতে মেধাবী জাতি গঠনের পথে এগিয়ে যাবে দেশ। ক্রীড়াসহ সকল প্রকার সহশিক্ষা কার্যক্রমের পরিবেশ তৈরীতে জেলা প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহন করবে।
এ পুরস্কার বিতরণীর মাধ্যমে তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব ও জেলার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে জেলা প্রশাসনের এমন উদ্যোগ স্থানীয় ক্রীড়াবিদদের মাঝে ব্যাপক উৎসাহ জুগিয়েছে।
সান্টু/ হাফিজ/ আয়না নিউজ