বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান বলেছেন, প্রতিটি মেয়ে যে ভবিষ্যৎ গড়তে চায়, রাষ্ট্রব্যবস্থা সেই পথকে সহজ ও সহায়ক করে তুলবে। কন্যাশিশুদের নিরাপত্তা, মানবিক বিকাশ এবং স্বপ্নপূরণে রাষ্ট্র সহায়ক ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সোমবার (১১ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়াম-এ বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. জুবাইদা রহমান বলেন, “শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী খালেদা জিয়াকে। পুনাকের আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। সমাজের বিভিন্ন পর্যায়ে নিরলস প্রচেষ্টার মাধ্যমে অবদান রাখার জন্য সমিতির সদস্যদের আন্তরিক অভিনন্দন জানাই।”
তিনি বলেন, পুনাকের সদস্যরা তাদের কাজের মাধ্যমে আগামী প্রজন্মকে সমাজে অবদান রাখার পথ দেখাচ্ছেন। বর্তমান ও ভবিষ্যতের সামাজিক উন্নয়নের লক্ষ্যে তাদের সমাজসেবামূলক কার্যক্রম একটি সুন্দর, সুস্থ ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
নারীদের উন্নয়ন প্রসঙ্গে ডা. জুবাইদা রহমান বলেন, পরিবার ও সমাজের উন্নয়নে নারীরা কেন্দ্রীয় ভূমিকা পালন করতে পারেন। স্বাস্থ্য, শিক্ষা ও গ্রামীণ উন্নয়নেও নারীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, নারীদের স্বনির্ভর করে তুলতে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবে। প্রয়োজনীয় প্রশিক্ষণ, উন্নয়ন কার্যক্রম ও বিপণন সহায়তা নিশ্চিত করা গেলে নারীদের অর্থনৈতিক সক্ষমতা আরও বাড়বে। এর মাধ্যমে পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি, সন্তানদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং দারিদ্র্য বিমোচন সহজ হবে।
ডা. জুবাইদা রহমান বলেন, আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে কাঙ্ক্ষিত সমাজ গঠনে অবদান রাখি, তাহলে অবশ্যই একটি মানবিক ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব হবে, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে পুনাকের সভানেত্রী অধ্যাপিকা নাসিমা ফেরদৌসীর অসুস্থতার কথা উল্লেখ করে তার দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ, সংস্কৃতি সচিব কানিজ মওলা এবং পুনাকের সহ-সভানেত্রী মিসেস সাবিনা আওলাদ প্রমুখ।
হাফিজ/ আয়না নিউজ