বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ভারতীয় কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন প্রথম মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণসহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার (১১ মে) নবান্নে অনুষ্ঠিত ওই ক্যাবিনেট বৈঠকে সীমান্ত নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর কাছে হস্তান্তরের নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণ কার্যক্রম এগিয়ে নেওয়ার কথাও জানানো হয়। সরকারের দাবি, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।
বৈঠকে উপস্থিত ছিলেন সদ্য শপথ নেওয়া কয়েকজন মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তারা, যাদের মধ্যে ছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও নীতিশ প্রামাণিক। এছাড়া বিভিন্ন দপ্তরের শীর্ষ আমলারা বৈঠকে অংশ নেন।
বৈঠকে আরও সিদ্ধান্ত নেয়া হয় যে কেন্দ্রীয় স্বাস্থ্যসেবা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ রাজ্যে চালু করা হবে এবং প্রশাসনিক কর্মকর্তাদের কেন্দ্রীয় প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পুনরায় চালু করা হবে। একই সঙ্গে নতুন ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) কার্যকরের কথাও ঘোষণা করা হয়।
সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য বয়সসীমা পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়। দীর্ঘদিন নিয়োগ স্থবির থাকার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দাবি করা হয়।
তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ববর্তী সরকারের চালু করা সামাজিক প্রকল্পগুলো বন্ধ করা হবে না, বরং সেগুলো অব্যাহত থাকবে। পাশাপাশি ভুয়া বা অনুপস্থিত উপভোগকারীদের নাম বাদ দেয়ার বিষয়েও কঠোর পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে।
এই সিদ্ধান্তগুলো ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ