বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজির কোনো ঘটনা বা অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
ঈদকে কেন্দ্র করে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে মন্ত্রণালয় সব ধরনের উদ্যোগ নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সোমবার (১১ মে) পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, অতীতের “ফ্যাসিবাদী শাসনামলে” উন্নয়নের নামে ব্যাপক লুটপাট হয়েছে। তার দাবি অনুযায়ী গত ১৮ বছরে শরীয়তপুরসহ কিছু এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এলে শরীয়তপুরসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলে উন্নয়ন বাস্তবায়নের প্রতিশ্রুতি রয়েছে। শরীয়তপুরের ওপর দিয়ে রেললাইন থাকলেও সেখানে স্টেশন না থাকার বিষয়টিও তিনি তুলে ধরেন এবং ভবিষ্যতে রেলস্টেশন নির্মাণের আশ্বাস দেন।
তিনি আরও অভিযোগ করেন, “মেগা প্রকল্পের নামে” দেশে অর্থ অপচয় ও দুর্নীতি হয়েছে, যার ফলে অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। বর্তমান সরকার স্বল্প সময়ে অগ্রাধিকারের ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে বলেও দাবি করেন তিনি। জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার জনসেবাকে অগ্রাধিকার দিচ্ছে এবং জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা চালু রাখতে কাজ করছে।
এ সময় রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমান দীর্ঘদিন আগে তৃণমূল পর্যায়ের নেতাদের সংগঠিত করেছিলেন, যার ফলেই পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তন এসেছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন রাজনৈতিক দল ভবিষ্যতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলে তারা আশা করেন।
হাফিজ/ আয়না নিউজ