বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
আম পাড়াকে কেন্দ্র করে গোপালগঞ্জে দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। রোববার (১০ মে) রাত আনুমানিক ৮টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া উত্তরপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আগে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। বিষয়টি নিয়ে বিচার চাইতে গেলে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়।
আহতদের মধ্যে রয়েছেন ইউপি সদস্য মেহেদী খাঁ (৩৫), সোহাগ খাঁ (৩০), হাসিনা বেগম (৫৫), খলিল খাঁ (৩৩), সজিব খাঁ (৩০), ইছা খাঁ (২৫), ইব্রাহিম খাঁ (২৮), শাহিন খাঁ (৩২), ইকলাছ খাঁ (৬০), ইকবাল খাঁ (৪০), ইসমাইল খাঁ (২৪) ও পনিজ বেগম (৪০)। আহতদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউপি সদস্য মেহেদী খান অভিযোগ করে বলেন, একটি আমগাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ শুরু হয়। পরে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে আমাদের ওপর হামলা চালানো হয়।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
হাফিজ/ আয়না নিউজ