বিশেষ প্রতিনিধি, Farhana Ahmed।।
জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেন,গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদও কারো জন্য স্থায়ী নয়।তাই প্রতিটি কর্মকর্তাকে নিজ নিজ দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে পালন করতে হবে।
সোমবার (১১ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা চিরস্থায়ী নই এটি ইতিহাসে এবং বিশ্বজুড়ে বারবার প্রমাণিত। একইভাবে জনপ্রশাসন ও পুলিশ প্রশাসনের কোনো পদও কারো জন্য স্থায়ী নয়।
তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পদ বা পছন্দ নয় দায়িত্বই হওয়া উচিত প্রধান বিবেচনা। যেকোনো পদে দায়িত্ব পালনে পেশাদার মানসিকতা বজায় রাখা জরুরি। পদোন্নতি বা পছন্দের পোস্টিং প্রত্যাশা পেশাদারিত্বের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
সরকারপ্বরধান বলেন, কৌশলী ও ইতিবাচক কার্যক্রমের মাধ্যমে পুলিশ জনগণের আস্থা অর্জন করতে পারলে মব ভায়োলেন্সসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে। গত দেড়-দুই বছরে পুলিশের কার্যক্রমের প্রশংসাও করেন তিনি।
তারেক রহমান বলেন, বর্তমান সরকার দুর্নীতি, সন্ত্রাস ও অপশাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। অপরাধীর রাজনৈতিক পরিচয় নয়, অপরাধই হবে মুখ্য বিবেচ্য।
প্রযুক্তির পরিবর্তনের ফলে অপরাধের ধরনও বদলেছে উল্লেখ করে তিনি বলেন, এখন অপরাধ অনেক ক্ষেত্রে আন্তঃদেশীয় হয়ে উঠেছে। তাই পুলিশ বাহিনীকে আরও দক্ষ ও বহুমুখী হতে হবে।
তিনি আরও বলেন, নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে সততা, মেধা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতার দিকেও সরকার গুরুত্ব দিচ্ছে।
শেষে তিনি বলেন, জনগণ ও পুলিশের সম্পর্ক হবে আইনগত ও মানবিক। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট বা নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে। সরকারের নির্বাচনী অঙ্গীকার ও জুলাই সনদ বাস্তবায়নে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।
এফ এ/ হাফিজ/ আয়না নিউজ