বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
সাতক্ষীরা প্রতিনিধি : তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করার লক্ষ্যে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রোববার (১০ মে) বিকেলে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সাতক্ষীরা ক্রীড়া ক্ষেত্রে অত্যন্ত উর্বর এক জনপদ। আজকের বিজয়ীরাই ভবিষ্যতে জাতীয় পর্যায়ে এ জেলার এবং দেশের নেতৃত্ব দেবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত।
এসময় জেলা ক্রীড়া কর্মকর্তা মাহবুবুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম টুটুলসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় মোট ৮টি ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. মনিরুজ্জামান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
মোমিন/ হাফিজ/ আয়না নিউজ