বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
প্রযুক্তির মাধ্যমে আধুনিক প্রশিক্ষণ দিয়ে পুলিশ বাহিনীকে আরো দক্ষ হিসেবে গড়ে তোলা হবে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের ধরন পরিবর্তিত হওয়ায় পুলিশ সদস্যদের আরো দক্ষতা অর্জন জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি সাইবার ক্রাইম, অনলাইন জুয়া ও মানি লন্ডারিং প্রতিরোধে নতুন আইন প্রণয়নের জন্য কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা’য় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে তাদের যৌক্তিক দাবিগুলো সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় পূরণ করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকির এবং অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলামও বক্তব্য রাখেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ কর্মজীবন শেষে অনেক কনস্টেবল পদোন্নতি পান না। এ সমস্যা সমাধানে অবসরের পর বিশেষ নীতিমালার আওতায় যোগ্য পুলিশ সদস্যদের অনারারি পদোন্নতির ব্যবস্থা করা হবে। এর মধ্যে কনস্টেবল থেকে অনারারি এএসআই, এএসআই থেকে অনারারি এসআই এবং এসআই থেকে অনারারি ইন্সপেক্টর পদে পদোন্নতির বিষয়টি বিবেচনায় রয়েছে।
তিনি আরও জানান, অতিরিক্ত কর্মঘণ্টায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য ওভারটাইম ভাতা চালুর বিষয়েও সরকার ভাবছে, যা কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত পর্যায়ে প্রযোজ্য হতে পারে।
পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতাল আধুনিকায়নের পাশাপাশি নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত দুই মাসে দেশে পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে।
তিনি আরও বলেন, প্রযুক্তির উন্নতির সঙ্গে অপরাধের ধরন পরিবর্তিত হওয়ায় পুলিশ সদস্যদের আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি সাইবার ক্রাইম, অনলাইন জুয়া ও মানি লন্ডারিং প্রতিরোধে নতুন আইন প্রণয়নের জন্য কমিটি গঠন করা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ মব কালচার পুরোপুরি বন্ধে বিদ্যমান আইন সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান এবং পুলিশ বাহিনীকে জনআকাঙ্ক্ষা অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দেন।
হাফিজ/ আয়না নিউজ