বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
বাংলাদেশের সঙ্গে স্থায়ী ভালো সম্পর্ক তৈরি করতে হলে দিল্লিকে দয়া করে অবশ্যই সহিংসতা-হানাহানি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
রোববার (১০ মে) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ৪৫তম জাতীয় কাউন্সিলে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আমরা চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু বারবার সীমান্তে রক্তপাত ঘটলে সেই সম্পর্ক টেকসই হয় না।
তিনি অভিযোগ করে বলেন, সীমান্তে বাংলাদেশিদের ওপর গুলি চালানোর ঘটনা বারবার ঘটছে, যা অত্যন্ত দুঃখজনক। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় দুজনকে গুলি করার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ ধরনের ঘটনা শুধু বাংলাদেশ নয়, ভারতের জনগণও চায় না।
রিজভী আরও বলেন, দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হলে উভয় পক্ষকেই সংযমী হতে হবে এবং সহিংসতার পথ পরিহার করতে হবে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, দেশের অবকাঠামো নির্মাণে তাদের অবদান গুরুত্বপূর্ণ এবং তাদের যথাযথ মূল্যায়ন করা উচিত। তিনি জানান, বর্তমান সরকার উন্নয়ন ও উৎপাদনে ভূমিকা রাখা সকল পেশাজীবীকে গুরুত্ব দিচ্ছে।
নির্বাচন ও রাজনৈতিক অঙ্গীকার প্রসঙ্গে তিনি বলেন, সরকার জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে এবং উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে।
শেষে তিনি বলেন, জবাবদিহিতামূলক শাসনব্যবস্থা গড়ে তোলা গেলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
হাফিজ/ আয়না নিউজ