বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
শুধু রাজনীতিতে গণতন্ত্র থাকলেই হবে না, পাশাপাশি অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে বলে জানিয়েছেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বর্তমান অর্থনীতিকে আরও অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক করতে কাজ করছে সরকার বলেও জানান তিনি।
রোববার ( ১০ মে) রাজধানীর আগারগাঁওয়ে অনানুষ্ঠানিক খাতের উন্নয়নে পিকেএসএফ ও বিশ্বব্যাংকের যৌথ প্রকল্প ‘রেইজ’-এর দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন উন্নয়ন সংস্থা ও সরকারি প্রতিনিধিরা।
অর্থমন্ত্রী বলেন, “যারা মূলধারার অর্থনীতির বাইরে রয়েছে, তাদের অর্থনীতির মূলধারায় যুক্ত করতে চাই। এটি নাগরিক হিসেবে সবার অধিকার।
তিনি আরও দাবি করেন, অতীতে দেশের অর্থনীতিতে একটি অলিগার্ক শ্রেণির আধিপত্য ছিল, যেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ সীমিত ছিল। বর্তমান সরকার সেই কাঠামো ভেঙে একটি সমতাভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে।
নারীদের ভূমিকার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, পরিবার পরিচালনায় নারীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের আর্থিকভাবে সহায়তা দিতে ফ্যামিলি কার্ড চালু করা হচ্ছে, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অর্থপ্রবাহ বাড়াবে।
একই সঙ্গে কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর কথাও উল্লেখ করে তিনি বলেন, এ উদ্যোগ দেশের কৃষি ও স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
প্রকল্পটি নিয়ে অর্থমন্ত্রী জানান, পিকেএসএফ ও বিশ্ব ব্যাংকের যৌথ উদ্যোগ ‘রেইজ’ দেশের অনানুষ্ঠানিক খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
হাফিজ/ আয়না নিউজ