বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
জনগণের জান-মাল রক্ষায় পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।
প্রধানমন্ত্রী বলেন, আনন্দঘন আয়োজনে এতক্ষণ আপনাদের বর্ণিল প্যারেড সবাই উপভোগ করেছে। আমার কাছে এটি শুধু একটি প্যারেড মনে হয়নি, বরং এটি ছিল পুলিশ সদস্যদের শৃঙ্খলা, আত্মমর্যাদা, দায়িত্ববোধ এবং সুন্দর ভবিষ্যতের দিকে দৃপ্ত পায়ে এগিয়ে চলার অবিচল অঙ্গীকারের বহিঃপ্রকাশ।
তিনি বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের পর জনগণের রায়ে গঠিত বর্তমান সরকার দেশের গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশার প্রতিফলন।
তারেক রহমান বলেন, বছরের পর বছর ধরে হামলা-মামলার শিকার নিপীড়িত ও অধিকারবঞ্চিত মানুষ বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি ও নিরাপত্তা চায়। দেশের জনগণের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের কার্যক্রমের ওপরই সবচেয়ে বেশি নির্ভরশীল।
তিনি আরও বলেন, জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন এটাই বর্তমান সরকারের প্রত্যাশা।
সরকারপ্রধান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে যে বাংলাদেশ পুলিশ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম। একই সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশ পুলিশ সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশ পুলিশের সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশেষ করে নারী পুলিশ সদস্যদের অবদান আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত।
‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ ২০২৬। আগামী বুধবার (১৩ মে) পর্যন্ত চলবে এবারের আয়োজন।
হাফিজ/ আয়না নিউজ