বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মব সহিংসতা, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং মাদকের বিস্তার রোধে পুলিশকে আরও কার্যকর ও পেশাদার ভূমিকা রাখার আহবান জানান।
পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে শনিবার (৯ মে) দেয়া ওই বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময় পর একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে বলে জনগণের মধ্যে শান্তি ও স্বস্তি ফিরে এসেছে। জনগণ এখন গুম, অপহরণ এবং ভয়ের সংস্কৃতি থেকে মুক্ত একটি নিরাপদ রাষ্ট্র প্রত্যাশা করছে, যেখানে জানমালের নিরাপত্তা নিশ্চিত থাকবে।
তিনি আরও বলেন, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ভূমিকার কোনো বিকল্প নেই। পুলিশের সঙ্গে জনগণের আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে উঠলে দায়িত্ব পালন আরও সহজ হয় বলেও তিনি মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, একটি পেশাদার ও দায়িত্বশীল পুলিশ বাহিনী রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষায় অপরিহার্য। পুলিশ সপ্তাহকে তিনি জনগণের প্রতি আস্থা ও দায়িত্ববোধ পুনর্ব্যক্ত করার একটি সুযোগ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও দাবি করেন, পুলিশ বাহিনী দেশের বিভিন্ন সংকটে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে এবং সাম্প্রতিক জাতীয় নির্বাচনেও তাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অবদান আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বৃদ্ধি করেছে বলেও তিনি মন্তব্য করেন।
তবে তিনি পুলিশের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়ে বলেন, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর করা প্রয়োজন।
হাফিজ/ আয়না নিউজ