বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় চলন্ত ট্রেন থেকে ওভারব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে এক অজ্ঞাত শিশুর (আনুমানিক বয়স ১২ বছর) মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার (৯ মে) বিকেল ৫টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় দুর্ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, বুড়িমারি থেকে ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের দরজার বাইরে মাথা বের করে ঝুঁকিপূর্ণভাবে দাঁড়িয়ে ছিল শিশুটি। এ সময় অসাবধানতাবশত মাধনগর স্টেশনের ওভারব্রিজের একটি পিলারের সঙ্গে তার মাথা সজোরে ধাক্কা লাগে। পরে গুরুতর আহত অবস্থায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই সান্তাহার রেলওয়ে জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হেফাজতে নেয়। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে জিআরপি থানার এসআই ফজলুর রহমান বলেন, “অজ্ঞাত শিশুটির লাশ আমরা হেফাজতে নিয়েছি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
স্থানীয়দের অভিযোগ, মাধনগর রেলস্টেশনের এই ওভারব্রিজের পিলারের কারণে এটি প্রথম ঘটনা নয়। এর আগেও একই স্থানে একাধিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানান তারা। এ অবস্থায় ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধে ওভারব্রিজের ঝুঁকিপূর্ণ পিলার অপসারণ বা সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
হাফিজ/ আয়না নিউজ