বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
আগামীকাল রোববার (১০ মে) থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স-এ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত সাহসী, বীরত্বপূর্ণ ও পেশাদারিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১০৭ জন কর্মকর্তা ও সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতি বছরের মতো এবারও পুলিশ সপ্তাহকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আগের বছরের প্রশংসনীয় ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পদকপ্রাপ্তির পাশাপাশি সরকারপ্রধানের কাছে বিভিন্ন দাবি-দাওয়া উপস্থাপনের সুযোগ থাকায় পুলিশ বাহিনীর নীতিনির্ধারকরাও এ আয়োজনকে গুরুত্ব দিয়ে দেখছেন।
পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এবারের পুলিশ সপ্তাহে মোটাদাগে ছয়টি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হতে পারে। এর মধ্যে রয়েছে দূতাবাস ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের পদায়নের সুযোগ বৃদ্ধি, পুলিশের জন্য কেন্দ্রীয় সাইবার ক্রাইম ইউনিট প্রতিষ্ঠা, পৃথক পুলিশ মেডিকেল সার্ভিস চালু, সিলেট ও বরিশাল-এ দুটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং জঙ্গল ছলিমপুর-এ একটি বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ।
এ ছাড়া পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সক্ষমতা বাড়াতে ক্রীড়াবান্ধব উদ্যোগ গ্রহণ এবং আধুনিক নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এভিয়েশন পুলিশ গঠনের বিষয়টিও আলোচনায় থাকবে বলে জানা গেছে।
পুলিশ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাহিনীর পেশাগত দক্ষতা, জনসেবা ও আধুনিকায়ন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
হাফিজ/ আয়না নিউজ