বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে ১ হাজার ৫০০ মিটার দীর্ঘ হেরিং বোন বন্ড (এইচবিবি) সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ মে) দুপুরে উপজেলার বাল্লা ইউনিয়নের ঝিটকা ঠাকুরপাড়া ও ব্যাসদি এলাকায় এ নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত গ্রামীণ সড়ক উন্নয়ন ও টেকসই অবকাঠামো নির্মাণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের (তৃতীয় সংশোধিত) আওতায় এ সড়ক নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিম এবং উপজেলা বিএনপির সভাপতি হান্নান মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, “গ্রামীণ সড়ক উন্নয়ন একটি এলাকার সামগ্রিক উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। টেকসই সড়ক নির্মাণের মাধ্যমে মানুষের যাতায়াত সহজ হবে, কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে গতি আসবে এবং স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ কাঁচা ও চলাচল অনুপযোগী সড়কের কারণে দুর্ভোগ পোহাচ্ছিলেন। নতুন এই এইচবিবি সড়ক নির্মাণ সম্পন্ন হলে তাদের যাতায়াত ও দৈনন্দিন কর্মকাণ্ডে স্বস্তি ফিরবে।
শাহীন/ হাফিজ/ আয়না নিউজ