বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জিন্নাত আলী সরদার (৪০) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৯ মে) সকালে সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের গোবরদাড়ি এলাকার একটি পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত জিন্নাত আলী একই এলাকার মোহর আলী সরদারের ছেলে।
নিহতের বাবা মোহর আলী জানান, তার তিন ছেলের মধ্যে জিন্নাত ছিলেন মেঝো। বড় ছেলে খাইরুল মাগুরায় ট্রলি চালান এবং ছোট ছেলে রহিম অন্যের জমিতে কাজ করেন। জিন্নাত আলীর দুই সন্তান রয়েছে। বড় মেয়ে সুমাইয়া বুধহাটার একটি হাই স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে এবং ছোট ছেলে রাহাত স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
তিনি আরও জানান, জিন্নাত আলী পরিবার নিয়ে বাড়ির পাশের একটি গুচ্ছ গ্রামের সরকারি ঘরে বসবাস করতেন। মাঠে কাজ করে যা আয় হতো, তা দিয়েই কোনো রকমে সংসার চলত। শুক্রবার রাতে তিনি বাড়ির পাশের একটি চায়ের দোকানে সর্বশেষ ছেলেকে দেখেন।
শনিবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরপাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়। পরে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়।
নিহতের শরীরে মাথা ও ঘাড়ে আঘাতের চিহ্ন ছিল বলে জানান তার বাবা। এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।
মোমিন/ হাফিজ/ আয়না নিউজ