বিশেষ প্রতিনিধি, nipon।।
২০২৬ বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নজিরবিহীন এক উদ্যোগ নিয়েছে। তিন স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ইতিহাসে প্রথমবারের মতো আলাদা তিনটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে বিশেষ উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
স্টেডিয়াম মুখরিত করতে প্রতিটি স্বাগতিক দেশের প্রথম ম্যাচের প্রায় ৯০ মিনিট আগে এই বর্ণাঢ্য জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। অন্য সময় ম্যাচ শুরুর ঠিক আগে উদ্বোধনী অনুষ্ঠান হলেও ফিফা এবার ভিন্ন পথে হেঁটে উদ্বোধনী অনুষ্ঠানে ভিন্নতা আনতে চলেছে।
মেক্সিকোর উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে আগামী ১১ জুন বিশ্বকাপের পর্দা উঠবে। মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার লড়াইয়ের আগে মঞ্চ মাতাবেন মেক্সিকান তারকা মানা, আলেহান্দ্রো ফারনান্দেজ ও বেলিন্ডা। তাদের সঙ্গে থাকছেন দক্ষিণ আফ্রিকান সেনসেশন টাইলা লরা এবং বিখ্যাত ব্যান্ড ‘লস অ্যাঞ্জেলস আজুলেস’।
আরও পড়ুন-
৭ জন বাঁ-হাতি ব্যাটার নিয়ে পাকিস্তানের ইতিহাস
১২ জুন স্বাগতিক দেশ কানাডার টরন্টোতে মোকাবিলা করবে বসনিয়া ও হার্জেগোভিনাকে। এই ম্যাচের আগে উদ্বোধনী আসরে পারফর্ম করবেন কানাডার জনপ্রিয় শিল্পী মাইকেল বাবল, অ্যালানিস মরিসেটে এবং অ্যালেসিয়া কারা।
প্যারাগুয়ের বিপক্ষে ১৩ জুন লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। এই ম্যাচের আগে প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন বিশ্বখ্যাত পপ তারকা ক্যাটি পেরি এবং রেমারা। এছাড়াও পারফর্ম করার সম্ভাবনা রয়েছে র্যাপার ডিমুন ক্যাশ ও ডিজে সঞ্জয়ের।
২০২৬ বিশ্বকাপ আসর হবে ইতিহাসের বৃহত্তম আয়োজন যেখানে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দেশ। এবারের বিশ্বকাপ আয়োজনকে আরও আন্তর্জাতিক রূপ দিতে লিসা, জে বালভিন, অ্যানিতা, ড্যানি ওসেন এবং ইলিয়ানার মতো বৈশ্বিক তারকাদের যুক্ত করার পরিকল্পনা করছে ফিফা।
এফ এ/আয়না