বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের সব মানুষের জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। শুক্রবার (৮ মে) সকালে রাজধানীর মালিবাগে হোসাফ টাওয়ারে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন আয়োজিত বিশ্ব থ্যালাসেমিয়া দিবস-২০২৬ উপলক্ষে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো সরকারি পর্যায়ে সব হাসপাতালে থ্যালাসেমিয়া চিকিৎসার পূর্ণাঙ্গ সুযোগ নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে বর্তমান সরকার এ ক্ষেত্রে জনস্বাস্থ্যসেবা আরও বিস্তৃত করতে কাজ করছে।
তিনি আরও বলেন, থ্যালাসেমিয়া রোগ নির্ণয়ের জন্য জাতীয় গাইডলাইন প্রণয়ন জরুরি। পাশাপাশি এ বিষয়ে সামাজিক সচেতনতা বাড়াতে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত প্রচারণার মাধ্যমে রোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা সম্ভব।
বিয়ের আগে পাত্র-পাত্রী উভয়ের রক্ত পরীক্ষা বাধ্যতামূলক করার বিষয়টি রাষ্ট্রীয়ভাবে বিবেচনার প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এতে থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে বড় ধরনের অগ্রগতি সম্ভব।
মন্ত্রী জানান, থ্যালাসেমিয়া রোগীদের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে ওষুধ সহজলভ্য করতে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি রোগীদের রক্তের প্রয়োজন মেটাতে সাধারণ মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, দেশে প্রতি বছর আনুমানিক ৭ থেকে ৮ হাজার শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে। বর্তমানে দেশে প্রায় ৬০ থেকে ৭০ হাজার রোগী এ রোগে আক্রান্ত।
এ বছরের বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের প্রতিপাদ্য ছিল “আর আড়াল নয়: রোগ নির্ণয়হীনদের খুঁজে বের করি, অলক্ষ্যে থাকা রোগীদের সহায়তা করি।”
হাফিজ/ আয়না নিউজ