বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
নাটোর প্রতিনিধি : নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ৯টি শ্রমিক পরিবারের মাঝে মৃত্যুকালীন সহায়তা হিসেবে মোট ২ লাখ ২৫ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭মে) শহরের বড়হরিশপুর এলাকায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের সদস্যদের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ। এছাড়াও শ্রমিক নেতা মনির হোসেন, আব্দুল খালেক, রফিক ইসলাম, সেন্টু ইসলাম, জর্জ, কাওসার আহম্মেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শ্রমিকদের কল্যাণ তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হচ্ছে, যাতে করে অসহায় পরিবারগুলো কিছুটা হলেও আর্থিক স্বস্তি পায়। তারা আরও বলেন, শ্রমিকরা দিনরাত পরিশ্রম করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। কিন্তু অকাল মৃত্যুর পর তাদের পরিবারগুলো চরম সংকটে পড়ে। এ ধরনের সহায়তা সেই দুর্দশা লাঘবে ভূমিকা রাখবে।
সহায়তা পেয়ে মৃত শ্রমিকদের স্বজনরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই আর্থিক সহায়তা তাদের কঠিন সময়ে কিছুটা স্বস্তি এনে দিয়েছে।
সংগঠনের নেতারা জানান, ভবিষ্যতেও পরিবহন শ্রমিকদের কল্যাণে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
সান্টু/ হাফিজ/ আয়না নিউজ