বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষার কাজে মাঠে থাকা সশস্ত্র বাহিনীর সদস্যদের (সেনা, নৌ ও বিমানবাহিনী) মোতায়েন রাখার আর প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পর্যায়ক্রমে তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (৭ মে) সিলেটে পাথর উত্তোলন বিষয়ক এক বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে নির্বাচিত ও রাজনৈতিক সরকার ক্ষমতায় রয়েছে এবং পুলিশ বাহিনীও এখন আগের তুলনায় আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করছে।
তিনি আরও জানান, এ সিদ্ধান্ত অনুযায়ী ধাপে ধাপে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের মাঠ থেকে প্রত্যাহার করা হবে। তবে কীভাবে এবং কোন প্রক্রিয়ায় এই প্রত্যাহার কার্যকর হবে, তা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত করা হবে।
অন্যদিকে, পাথর উত্তোলন প্রসঙ্গে তিনি বলেন, সিলেট, সুনামগঞ্জসহ ওই অঞ্চলে পাথর উত্তোলন ও সংরক্ষণ বিষয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সিলেট বিভাগের কমিশনারকে প্রধান করে গঠিত এই কমিটি পরিবেশ রক্ষা করে কীভাবে, কোন এলাকা থেকে এবং কত গভীর থেকে পাথর উত্তোলন করা হবে—তা নির্ধারণ করবে।
তিনি আরও জানান, পাথর উত্তোলনের পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও সংরক্ষণ নিশ্চিত করেই ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হবে।
হাফিজ/ আয়না নিউজ