বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ জেলায় হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫ জন হাম রোগী ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৭ জনে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, আক্রান্তদের অধিকাংশই শিশু। বর্তমানে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে ৪ জন, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন এবং মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জনসহ মোট ৬০ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তদের মধ্যে অনেকেই টিকাবঞ্চিত অথবা নির্ধারিত সময়ে হাম প্রতিরোধী টিকা গ্রহণ করেননি। এতে সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা স্বাস্থ্য বিভাগ বিশেষ টিকাদান কর্মসূচি, সচেতনতামূলক প্রচারণা এবং মাঠপর্যায়ে নজরদারি জোরদার করেছে। চলমান টিকাদান কার্যক্রমের আওতায় গত ৬ মে পর্যন্ত জেলায় ১ লাখ ২৯ হাজার ৬৩০ জন শিশুকে হাম প্রতিরোধী টিকা প্রদান করা হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. এ কে এম মুফাখখারুল ইসলাম বলেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ হলেও সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এটি সহজেই প্রতিরোধ করা সম্ভব। তাই আতঙ্কিত না হয়ে অভিভাবকদের শিশুদের নির্ধারিত টিকা নিশ্চিত করতে হবে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
তিনি আরও জানান, সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের তৎপরতা অব্যাহত রয়েছে।
শাহীন/ হাফিজ/ আয়না নিউজ