বিশেষ প্রতিনিধি, nipon।।
বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা ভারতের দিল্লিতে মিনার–ই–দিল্লি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে বর্তমানে দিল্লি রয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় অনুষ্ঠান শেষ হওয়ার পর হঠাৎ করে সামাজিকমাধ্যমে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি হয় চরম উদ্বেগ ও বিভ্রান্তি।
মঙ্গলবার দুপুরে দিল্লি থেকে স্বয়ং রুনা লায়লা এই গুজব সম্পূর্ণ ভিত্তিহীন বলে নিশ্চিত করে জানান, পরপর বিভিন্ন দেশ থেকে অসংখ্য ফোন ও মেসেজ পেয়ে তিনি বিস্মিত, বিব্রত ও ক্ষুদ্ধ হয়েছেন। তিনি বলেন, ‘হঠাৎ করে বিভিন্ন দেশ থেকে পরিচিত ও শুভাকাঙ্ক্ষীদের একের পর এক ফোন আসছে। সবাই জানতে চাইছেন, আমি ঠিক আছি কি না। বাংলাদেশ, আমেরিকা, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান সব জায়গা থেকেই মানুষ চিন্তিত হয়ে যোগাযোগ করছেন। এটা সত্যিই অবাক করার মতো বিষয়।’
আরও পড়ুন-
লন্ডনের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার জয়জয়কার
রুনা লায়লা এ ধরনের গুজব ছড়ানোর প্রবণতায় ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন ভুয়া খবর শুধু ব্যক্তিগতভাবে নয়, পরিবারের জন্যও মানসিকভাবে কষ্টদায়ক হয়ে ওঠে। অতীতে একাধিক তারকার বিষয়ে একই ধরনের গুজব ছড়ানো হয়েছে যা একটি সংঘবদ্ধ চক্রের কাজ মনে করেন তিনি এ ধরনের ব্যক্তিদের শনাক্তকরে আইনের আওতায় আনার প্রয়োজনীয়তা উল্লেখ করেন।
রুনা লায়লা বলেন, ভুয়া তথ্য ছড়ানো অনাকাঙ্ক্ষিত ও দায়িত্বজ্ঞানহীন আচরণ। তাই সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ভক্ত-অনুরাগীদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতাও প্রকাশ করে এই কিংবদন্তি সংগীত শিল্পী নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে স্পষ্টভাবে জানান, তিনি সুস্থ আছেন এবং ভালো আছেন। ।
এফ এ/আয়না