বিশেষ প্রতিনিধি, nipon।।
২০১৩ সালের শাপলা চত্বর ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান পরিকল্পনাকারী হিসেবে আসামি করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
মঙ্গলবার (৫ মে) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, শাপলা চত্বর ও এর আশপাশের ঘটনায় ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় মোট ৫৮ জন নিহতের তথ্য পাওয়া গেছে।
চিফ প্রসিকিউটর বলেন, “ঢাকার মতিঝিল এলাকায় শাপলা চত্বরে ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জন নিহত হয়েছেন বলে তদন্তে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। এসব হত্যাকাণ্ড দিনের বেলা ও রাতে সংঘটিত হয়।”
তিনি আরও জানান, তদন্তে এখন পর্যন্ত প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং আগামী ৭ জুনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের প্রস্তুতি রয়েছে।
আমিনুল ইসলাম বলেন, “এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্তত ৩০ জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যাচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই সকল আসামির নাম প্রকাশ করা হচ্ছে না।”
সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সম্পৃক্ততা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, তদন্তে তার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। দূরে থেকেও নির্দেশনা ও পরিকল্পনায় অংশ নেওয়ার বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনা করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে, যা নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত ও বিচার প্রক্রিয়া চলমান রয়েছে।
হাফিজ/ আয়না নিউজ