বিশেষ প্রতিনিধি, nipon।।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে থেমে থাকা সিমেন্টবোঝাই ট্রাকের পেছন থেকে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাস চালক শান্ত মিয়ার (২৬) এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার পৌরশহরের পান্তাপাড়া এলাকায় এই দুর্ঘটনায় আরও চার যাত্রী আহত হয়েছেন।
দুর্ঘটনায় ডান পা বিচ্ছিন্ন হওয়া বাসচালক শান্ত মিয়া গাইবান্ধা সদর উপজেলার কুপতলা গ্রামের লুৎফর রহমানের ছেলে। এছাড়া আহতরা হলেন সুন্দরঞ্জের ছাতাইনতলা এলাকার মজিবর রহমানের ছেলে সিজু (৩০), কুড়িগ্রামের চিলমারী উপজেলার মাঝিপাড়া এলাকার বিষ্ণ রায়ের স্ত্রি সাথী রায় (২১), শিবগঞ্জের গগণপাড়ার আজিজার রহমানের ছেলে মানিক মিয়া (৩১) ও রংপুরের আশরাফুল ইসলাম (৩২)।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী সৈকত পরিবহনের একটি গাড়ি সকাল সাড়ে ৭টায় গোবিন্দগঞ্জের পৌর শহরের পান্তাপাড়া এলাকায় এসে সিমেন্ট বোঝাই দাঁড়িয়ে থাকা অপর একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দিলে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে চালক চাপা পড়ে এবং তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হওয়া পা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে। একই সঙ্গে বাসে থাকা চার যাত্রী আহত হন।
আরও পড়ুন-
সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
স্থানীয়রা চালককে টেনে বের করে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থা গুরত্বর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার (এসও) মাসুদ রানা বলেন, সিমেন্টবোঝাই একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রিবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাস চালকের ডান পা বিচ্ছিন্ন হয় এবং বাম ভেঙে গেছে, সেটিও বিচ্ছিন্ন প্রায়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, দুর্ঘটনার সময় চালক ঘুমিয়ে পড়ার কথা চালক নিজেই আমাদের কাছে স্বীকার করেছে। চালকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া শজিমেকে পাঠিয়েছে চিকিৎসকরা। বাসটি জব্দ করা হয়েছে।
এফ এ/আয়না