বিশেষ প্রতিনিধি, nipon।।
নরসিংদীর পলাশ উপজেলায় জান্নাতুল নাঈম রুমি (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মে) রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার নতুনপাড়া মহল্লার একটি ভাড়া বাসা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী কামাল উদ্দিনকে আটক করা হয়েছে।
নিহত রুমি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার সেকান্দরপুর গ্রামের আব্দুর রহিমের মেয়ে। তিনি স্বামী কামাল উদ্দিনের সঙ্গে জনতা জুট মিলে চাকরির কারণে নতুনপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, কামাল উদ্দিনের পরকীয়া সম্পর্ক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার দিন দুপুরে তাদের মধ্যে তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। এর কিছু সময় পরই রুমি নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল-মামুন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পরকীয়া সম্পর্ক ও পারিবারিক কলহকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ