বিশেষ প্রতিনিধি, nipon।।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কক্সবাজার সৈকতকে আরও পরিচ্ছন্ন ও আকর্ষণীয় রাখতে জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
সোমবার (৪ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, এবারের সম্মেলনে দেশের পর্যটন খাতের উন্নয়ন ছিল অন্যতম প্রধান আলোচ্য বিষয়। দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা পর্যটন কেন্দ্রগুলোর সংস্কার এবং নতুন পর্যটন স্পট গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, মনপুরা ও নেত্রকোণাসহ বেশ কয়েকটি সম্ভাবনাময় এলাকায় পর্যটন সুবিধা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশি-বিদেশি পর্যটকদের আগমন বাড়বে এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের পরিচিতি আরও বৃদ্ধি পাবে।
মন্ত্রী আফরোজা খানম বলেন, মাঠ পর্যায় থেকে আসা প্রস্তাবগুলো বাস্তবায়নে মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে।
পর্যটকদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো পর্যটক নিরাপত্তাহীনতায় না পড়েন। একই সঙ্গে কক্সবাজার সৈকতের পরিচ্ছন্নতা বজায় রাখতে বিশেষভাবে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
সেন্টমার্টিন দ্বীপ নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সেখানে বছরের নির্দিষ্ট সময়ে পর্যটন কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি এবারের আলোচনায় আসেনি, তবে বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।
তিনি আরও বলেন, দেশের পর্যটন খাত এখনো কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছায়নি। সরকার এ খাতকে উন্নত পর্যায়ে নিতে কাজ করছে এবং বেসরকারি খাতকে সম্পৃক্ত করতেও সহযোগিতা দেওয়া হবে।
হাফিজ/ আয়না নিউজ