বিশেষ প্রতিনিধি, nipon।।
যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী—জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। নিখোঁজের আট দিন পর, ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে ৩০ এপ্রিল বৃষ্টির মরদেহ শনাক্ত করা হয়।
এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘেরহেকে গ্রেফতার করেছে পুলিশ। হিলসবরো কাউন্টি আদালতে দাখিল করা অভিযোগে বলা হয়েছে, ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে লিমনকে হত্যা করা হয়। একই ঘটনায় তার বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।
এদিকে, নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহও দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। আগামী বুধবার (৬ মে) যুক্তরাষ্ট্রে জানাজা শেষে মরদেহ বাংলাদেশে পাঠানো হবে বলে জানা গেছে। এ বিষয়ে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ও মিয়ামিতে বাংলাদেশ কনস্যুলেট যৌথভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
জামিল আহমেদ লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে, নাহিদা সুলতানা বৃষ্টি একই বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত ছিলেন।
এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে দেশের শিক্ষার্থী মহলেও গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ