বিশেষ প্রতিনিধি, nipon।।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, দেশের পানি ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়ন জোরদারে দেশব্যাপী প্রায় ৩০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে সেচ সুবিধা বাড়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে গতি আসবে।
রোববার (৩ মে) নাটোরের লালপুর উপজেলার চন্দনা ও খলিসাডাঙ্গা খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন অবহেলায় নষ্ট হয়ে যাওয়া খালগুলো পুনরুদ্ধার করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বাড়বে এবং জলাবদ্ধতা কমে আসবে।
তিনি আরও বলেন, লালপুর ও বাগাতিপাড়াকে মাদক, চাঁদাবাজি ও হ্যাকিংমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে। তরুণদের বিপথগামী হওয়া থেকে রক্ষায় খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি জানান, সরকার “নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা” চালু করেছে, যেখানে গ্রাম থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত তরুণদের অংশগ্রহণের সুযোগ থাকবে।
অভিভাবকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সন্তানদের প্রতি নজরদারি বাড়াতে হবে, যাতে তারা মাদক ও সাইবার অপরাধে জড়িয়ে না পড়ে। পাশাপাশি মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এর আগে প্রতিমন্ত্রী আরবাব ইউনিয়নের চন্দনা খাল থেকে ওয়ালিয়া ব্রিজ এলাকা হয়ে খলিসাডাঙ্গা নদীর দিকে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ, লালপুর থানার ওসি শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক নেতা হারুনার রশিদ পাপ্পুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
সান্টু/ হাফিজ/ আয়না নিউজ