বিশেষ প্রতিনিধি, nipon।।
সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় মো. সোহেল (৩৫) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩ মে) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (২ মে) মোছা. নুপুর খাতুন নামে এক গৃহবধূ সিরাজগঞ্জ সদর থানায় চাঁদাবাজির অভিযোগে মামলাটি দায়ের করেন।
মামলায় যুবলীগের এক নেতা ও সাবেক পৌর কাউন্সিলর মো. হোসেনসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মো. সোহেল সিরাজগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক এবং দত্তবাড়ি মহল্লার বাসিন্দা। মামলার প্রধান আসামি করা হয়েছে জেলা যুবলীগের এক নেতা মো. হোসেনকে।
এজাহারে বলা হয়, বাদির স্বামী শাহজাহান আলী কোবদাসপাড়া আক্কার মোড় এলাকায় একটি মনোহারী ব্যবসা পরিচালনা করেন। গত ২৭ এপ্রিল সন্ধ্যায় তার ব্যবসায়িক অংশীদার নাজমুল ইসলাম তাদের বাড়িতে গেলে অভিযুক্তরা সেখানে উপস্থিত হয়ে মিথ্যা অপবাদ দেয়। একপর্যায়ে তারা নাজমুলকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে একটি বাড়িতে আটকে রেখে মারধর করে এবং ৭০ হাজার টাকা চাঁদা দাবি করে।
পরে প্রাণভয়ে নাজমুল পাঁচ দিনের মধ্যে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর থেকে আসামিরা মোবাইল ফোনে টাকা দাবি করে হুমকি দিতে থাকে। সর্বশেষ ২ মে সন্ধ্যায় তারা পুনরায় বাদীর বাড়িতে এসে চাঁদা দাবি করে এবং অস্বীকৃতি জানালে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, মামলার পরপরই অভিযান চালিয়ে মো. সোহেলকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
হাফিজ/ আয়না নিউজ