বিশেষ প্রতিনিধি, nipon।।
কুমিল্লায় বিএনপি নেতা রেজাউল কাইয়ুমকে আটকের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তার আটকের প্রতিবাদে দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেছেন। একই সঙ্গে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করায় বন্ধ হয়ে গেছে সব ধরনের বাস চলাচল, ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
রোববার (৩ মে) দুপুরে কুমিল্লা শহরের শাসনগাছা এলাকা থেকে রেজাউল কাইয়ুমকে আটক করে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। তিনি আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক।
পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করলেও সুনির্দিষ্ট কারণ জানায়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, উচ্চপর্যায়ের নির্দেশে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে শাসনগাছা বাস টার্মিনালে চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
আটকের প্রতিবাদে বেলা সাড়ে ১২টার দিকে শতাধিক নেতা-কর্মী কোতোয়ালি মডেল থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং থানার প্রধান ফটক অবরুদ্ধ করে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে, রেজাউল কাইয়ুমের আটকের প্রতিবাদে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেন পরিবহন শ্রমিক ও চালকেরা। এতে টার্মিনাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়, যা সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়িয়েছে।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, জ্যেষ্ঠ কর্মকর্তাদের নির্দেশে রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এখনো তাকে গ্রেফতার দেখানো হয়নি।
তিনি বলেন, কিছু লোক থানার সামনে অবস্থান নিয়েছেন, আমরা তাদের শান্ত করার চেষ্টা করছি।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন, কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
হাফিজ/ আয়না নিউজ