বিশেষ প্রতিনিধি, nipon।।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে পোস্ট করাকে কেন্দ্র করে এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতা মো. মোনায়েম খান, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাকুন্দিয়া উপজেলা শাখার অধীন ১০ নম্বর সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক ছিলেন।
শনিবার (২ মে) উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক উজ্জ্বল এবং সদস্যসচিব শাহিন আলম জনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে মোনায়েম খানকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল জানান, ফেসবুকে বিতর্কিত স্লোগানসংবলিত পোস্ট দেওয়া ছাড়াও সাংগঠনিক কার্যক্রমে অনুপস্থিত থাকা এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ