বিশেষ প্রতিনিধি, nipon।।
জেলা প্রশাসকদের (ডিসি) জন্য একগুচ্ছ সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে এসব নির্দেশনা দেন তিনি।
চার দিনব্যাপী এ সম্মেলনে মোট ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ৩০টি কার্য অধিবেশন এবং ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগের অংশগ্রহণ রয়েছে।
সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তিনি জনপ্রশাসনে সততা, মেধা ও দক্ষতাকে পদায়ন ও বদলির মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন এবং ডিসিদের দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।
দুর্নীতি বিষয়ে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি প্রশাসনকে দুর্বল করে এবং কর্মকর্তাদের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে। তিনি মাঠ পর্যায়ের প্রশাসনকে আরও কার্যকর ও জনবান্ধব ভূমিকা পালনের নির্দেশ দেন।
ডিসিদের প্রতি নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে—বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যার মধ্যে মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত বাস্তবায়ন, মোবাইল কোর্টের কার্যক্রম জোরদার, এবং জনগণের ন্যায্য অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।
এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, খাদ্যে ভেজাল রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, সব জেলায় সারা বছরব্যাপী শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে হবে। পাশাপাশি বন্যা ও খরা মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি বলেন, সমাজ থেকে সম্পূর্ণ বৈষম্য দূর করা সম্ভব না হলেও ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি নৈতিক ও সমতাভিত্তিক রাষ্ট্র গঠনই সরকারের লক্ষ্য।
হাফিজ/ আয়না নিউজ