বিশেষ প্রতিনিধি, nipon।।
ক্রিকেট ক্যারিয়ার শেষ হলে পুরোপুরি রাজনীতিতে সময় দিতে চান জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। তার রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন পল্টি দেবো না আওয়মী লীগেই থাকবো।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেন, রাজনৈতিক জীবনে দল পরিবর্তনের কোনো ইচ্ছা তার নেই এবং ভবিষ্যতেও থাকবেন না। তিনি দাবি করেন, খেলোয়াড়ি জীবনেও তিনি যেসব দলের হয়ে খেলেছেন, তাদের প্রতি সবসময়ই অনুগত ছিলেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, কোনো দলকে স্থায়ীভাবে নিষিদ্ধ করে রাখা গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তিনি মনে করেন। তার মতে, দীর্ঘদিন কোনো রাজনৈতিক শক্তিকে দমিয়ে রাখলে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসে না।
রাজনৈতিক প্রতিহিংসা প্রসঙ্গে তিনি বলেন, অতীতের ভুলের পুনরাবৃত্তি হলে সেই চক্র চলতেই থাকে, তাই এই ধারা বন্ধ করতে হলে দৃষ্টান্ত স্থাপন করা প্রয়োজন।
২০২৪ সালের জানুয়ারিতে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি ভবিষ্যতেও নির্বাচনে অংশ নিতে আগ্রহী ছিলেন এবং সুষ্ঠু নির্বাচন হলে নিজের জনপ্রিয়তা প্রমাণের সুযোগ পেতেন বলে মনে করেন।
বর্তমানে বিদেশে অবস্থান করা এই ক্রিকেটারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়, যার মধ্যে হত্যা মামলা, চেক জালিয়াতি ও শেয়ারবাজার সংক্রান্ত অভিযোগও রয়েছে। এসব বিষয়ে তিনি আইনিভাবে মোকাবিলা করতে চান বলে জানিয়েছেন।
তিনি আরও বলেন, দেশে ফেরার ক্ষেত্রে তার প্রধান উদ্বেগ নিরাপত্তা ও হয়রানি এড়ানো। যথাযথ আইনি প্রক্রিয়া ও নিরাপত্তার নিশ্চয়তা পেলে দ্রুতই দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেন তিনি।
হাফিজ/ আয়না নিউজ