বিশেষ প্রতিনিধি, nipon।।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ আজ অনুষ্ঠিত হবে। রোববার (৩ মে) রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১ এ অবস্থিত শপথকক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের নাম গেজেট আকারে প্রকাশ করে। গেজেট অনুযায়ী, রাজনৈতিক দল ও জোটের আনুপাতিক আসন বণ্টনের ভিত্তিতে সদস্যরা নির্বাচিত হয়েছেন।
এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
বিএনপি জোট থেকে নির্বাচিতদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুন রায় চৌধুরী, জিবা আমিনা খানসহ আরও অনেকে।
অন্যদিকে জামায়াত জোট থেকে নির্বাচিত হয়েছেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, নাজমুন নাহার, মাহফুজা হান্নান, সাজেদা সামাদসহ ১২ জন নারী সদস্য। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সুলতানা জেসমিন।
এদিকে একই দিনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
নবনির্বাচিত সদস্যদের শপথের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম আরও পূর্ণতা পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
হাফিজ/ আয়না নিউজ