বিশেষ প্রতিনিধি, nipon।।
ম্যাচের শুরুটা ছিল দারুণ, শেষটা অবিশ্বাস্য হতাশার। লিওনেল মেসির নৈপুণ্যে ৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে হেরে গেছে ইন্টার মায়ামি। প্রতিপক্ষ ওরল্যান্ডো সিটি ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ছিনিয়ে নেয় জয়।
রোববার নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মায়ামি। ম্যাচের ৪র্থ ও ২৫তম মিনিটে মেসির নিখুঁত পাস থেকে জোড়া গোল করেন তেলাস্কো সেগোভিয়া। এরপর ৩৩তম মিনিটে নিজেই এক দৃষ্টিনন্দন বাঁ-পায়ের শটে গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি।
তবে প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ওরল্যান্ডো। ৩৯তম মিনিটে গোল করে ব্যবধান কমান মার্টিন ওজেদা। দ্বিতীয়ার্ধে তিনি আরও দুটি গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক—৬৮ মিনিটে একটি এবং ৭৮ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান ৩-৩ ব্যবধানে।
ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, ঠিক তখনই যোগ করা সময়ে গোল করে নাটকীয় জয় নিশ্চিত করেন টাইরিস স্পাইসার। এতে নিশ্চিত জয় হাতছাড়া হয়ে যায় মায়ামির।
পুরো ম্যাচে এক গোল ও দুই অ্যাসিস্ট করেও দলকে জেতাতে পারেননি মেসি। এই হারে হতাশা বাড়লো মায়ামি শিবিরে।
আগামী ম্যাচে টরোন্টো এফসির মুখোমুখি হবে মায়ামি। বাংলাদেশ সময় শনিবার রাত ১১টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
হাফিজ/ আয়না নিউজ