বিশেষ প্রতিনিধি, nipon।।
অতীতে স্বৈরাচারী শাসকরা দেশের শ্রমিকদের অধিকার ও ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে বলে মন্তব্য করেছেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তারেক রহমান বলেন, শ্রমিকদের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জানান, শ্রমিকদের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে এবং কৃষক কার্ড চালুর বিষয়েও কাজ এগিয়ে চলছে।
তিনি আরও বলেন, দেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করলেও তারা এখনো সময়মতো সেচের পানি পায় না। এ সমস্যা সমাধানে খাল খনন কার্যক্রম শুরু করা হয়েছে।
বিএনপি চেয়ারম্যান দাবি করেন, কৃষক ও শ্রমিকদের জীবনমান উন্নত করা গেলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে। তিনি বলেন, “কৃষক ও শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করতে পারলে বাংলাদেশের ভাগ্যও পরিবর্তন হয়ে যাবে।
সমাবেশে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন।
হাফিজ/ আয়না নিউজ