বিশেষ প্রতিনিধি, nipon।।
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ভুয়া পুলিশ সেজে প্রতারণা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের পোশাক ও ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।
শুক্রবার (১মে) দুপুরে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ঝিনাইদহ গোয়েন্দা পুলিশ।
ঝিনাইদহ ডিবি পুলিশের প্রধান ছাব্বিরুল আলম জানান, বৃহস্পতিবার ( ৩০ এপ্রিল) বিকেল ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শৈলকুপা থানার চণ্ডিপুর গ্রামের গোলাপ মোল্যার বাড়ি থেকে তাদের আটক করা হয়। অভিযানে উপজেলার লক্ষ্মণদিয়া গ্রামের আমিন বিশ্বাসের ছেলে রিয়াজ বিশ্বাস (২৭), বারইপাড়া গ্রামের ডাবলু মোল্লার ছেলে রুবেল হোসেন মোল্যা (৩২), দুধসর গ্রামের মৃত আল্লেক জোয়ার্দ্দারের ছেলে আশিক জোয়ার্দ্দার (২৪), কুলচারা গ্রামের বাবু মণ্ডলের মেয়ে তাসলিমা খাতুন (২১) এবং সোন্দাহ গ্রামের জামিরুল ইসলামের মেয়ে জান্নাতুল ফেরদৌসকে (২০) আটক করা হয়।
তিনি আরও জানান,গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পুলিশের পোশাক ও ওয়াকিটকি ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করত। এরই সাথে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের কাছ থেকে ‘POLICE’ লেখা জ্যাকেট,এসআই র্যাংক ব্যাজ,পুলিশ মনোগ্রামযুক্ত পোশাক,ক্যাপ,বেল্ট,২টি ওয়াকিটকি সেট ও চার্জারসহ বিভিন্ন সরঞ্জাম ও ১৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে শৈলকুপা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ইমন/ হাফিজ/ আয়না নিউজ