বিশেষ প্রতিনিধি, nipon।।
শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
শুক্রবার (১ মে) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, বর্তমান সরকার শ্রমবান্ধব নীতি গ্রহণের মাধ্যমে কর্মসংস্থান সম্প্রসারণ ও শ্রমিক কল্যাণে কাজ করছে। তার মতে, প্রতিটি শ্রমিকের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, কর্মদক্ষতা বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে, যার মাধ্যমে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।
শ্রমিকদের দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, শিল্প, কৃষি ও অবকাঠামো খাতসহ অর্থনীতির সব ক্ষেত্রে শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের জীবনমান উন্নয়ন, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
মাহদী আমিন সংসদীয় কার্যক্রম, আলোচনায় অংশগ্রহণ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরকারের অবস্থানকেও ইতিবাচক হিসেবে তুলে ধরেন এবং নারী, যুব ও শ্রমিক—সব ক্ষেত্রেই ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন।
মে দিবসের এই আলোচনায় শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও আলোচনা হয় বলে জানানো হয়।
হাফিজ/ আয়না নিউজ