বিশেষ প্রতিনিধি, nipon।।
জুলাই গণআন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা এক মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার ৯৩০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। একই সঙ্গে মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ৯ জুন দিন ধার্য করা হয়েছে।
শুনানির শুরুতে আসামিপক্ষের দায়মুক্তির আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। পরে বিচারক মোহিতুল হক মামলায় আনা তিনটি অভিযোগ পড়ে শোনান। এ সময় কাঠগড়ায় থাকা দুই আসামিকে অভিযোগ স্বীকারের বিষয়ে জানতে চাইলে তারা নিজেদের নির্দোষ দাবি করেন।
রাশেদ খান মেনন ট্রাইব্যুনালকে বলেন, আমি নির্দোষ। ন্যায়বিচার চাই। অপরদিকে কামরুল ইসলাম অভিযোগগুলোকে “মিথ্যা, বানোয়াট, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।
প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামসহ প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, আবদুস সাত্তার পালোয়ান এবং মঈনুল করিম।
মামলার অভিযোগে বলা হয়েছে, তৎকালীন সরকারকে টিকিয়ে রাখতে কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন বিভিন্নভাবে উসকানি দেন। আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের শীর্ষ পদে থেকে তারা নিরস্ত্র ছাত্র-জনতার বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা ও কারফিউ জারির প্ররোচনা দেন বলে অভিযোগ করা হয়। তাদের পরিকল্পিত কর্মকাণ্ডের ফলে রাজধানীর বাড্ডাসহ আশপাশের এলাকায় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়, যাতে অন্তত ২৩ জন নিহত হন বলে প্রসিকিউশন দাবি করেছে।
মামলাটির পরবর্তী কার্যক্রম নির্ধারিত তারিখে শুরু হবে।
হাফিজ/ আয়না নিউজ